
সিলেট আলাপ ডেস্ক :১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা আক্রান্ত হয়েছে চীন। এতে ডুবে গেছে চীনের রাজধানী বেইজিংয়ের বড় একটি অংশ। এদিকে চীনের পাশাপাশি প্রতিবেশী জাপানে আঘাত হেনেছে ভয়াবহ টাইফুন খানুন। এর ফলে সেখানেও ঝড়ো বাতাস বইছে ও অব্যাহতভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
সিএনএন জানিয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত চীনের রাজধানীতে ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ভিন্ন আরেকটি টাইফুন ডকসুরির প্রভাবে এই বৃষ্টিপাত হয় চীনে। ১৮৮৩ সাল থেকে চীনে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়। এরপর থেকে কখনই এবারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে জাপানে টাইফুন খানুন প্রায় ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জে বুধবার এই টাইফুন আঘাত হানে। ঝড়ো হাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে জাপানে। ওকিনাওয়াতে মাত্র ২৪ ঘণ্টাতেই ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিতে প্রায় ৬ লাখ মানুষকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। ঝড়ো বাতাসের কারণে দেশটির বড় একটি অংশ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় বাস করছে প্রায় দুই লাখের বেশি পরিবার।
চীনের বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এতে একটি সেতু ভেঙে পড়েছে এবং বহু গাড়ি ভেসে গেছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে ১২ জনের বেশি। মোট এক লাখ ২৭ হাজার জনকে উদ্ধার করে অন্যত্র নিয়ে গেছে চীন সরকার।
সিলেট আলাপ/ নওশীন