
সিলেটের আলাপ ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। প্রথমবার ভিসি বিরোধী আন্দোলনের কারণে। আর এবার শোকাবহ আগস্টের কারণে।
বুধবার (১৯ জুলাই) বিকালে রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এর আগে গত বছরের জানুয়ারিতে উপাচার্যবিরোধী আন্দোলনে স্থগিত হয়েছিল সিন্ডিকেট নির্বাচন। এর দেড়বছর পর তফসিল ঘোষণা করে আবারও তা স্থগিত করা হলো।
এদিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১২ জুলাই ঘোষিত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল বাতিল ও অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করা হলো।
উল্লেখ্য, তফসিল ঘোষণার পরদিন ১৩ জুলাই ‘শোকাবহ আগস্ট মাসে নির্বাচন আয়োজন না করতে রেজিস্ট্রারকে চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
আবেদনের দু’দিন পর শিক্ষক সমিতিকে একই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নামে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’।
বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার (১৮ জুলাই) শাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জরুরী সভায় মিলিত হন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম বলেন, সবদিক বিবেচনায় শিক্ষক সমিতি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যাদের পক্ষ থেকে চিঠি এসেছে, তারা ক্যাম্পাসের আওয়ামীপন্থী শিক্ষকদের একটি বৃহৎ দল।
শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের চিঠির বিষয়বস্তু গুরুত্বসহকারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানানোর পরদিনই সিন্ডিকেট নির্বাচন স্থগিতের এ ঘোষণা এসেছে।