
সিলেট আলাপ ডেস্ক :ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান যাবে কি না, সেই অনিশ্চয়তা দূর করতে গত মাসে একটি কমিটি গঠন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন কমিটি গতকাল এক বৈঠক করেছে। বৈঠক শেষে জানা যায়, বিশ্বকাপে আইসিসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা চায় পাকিস্তান।
ভারতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তান একটি পর্যবেক্ষক দলও পাঠাবে বলে জানা গেছে। বৈঠকে কমিটির প্রধান ভুট্টোর সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাশ্মীরবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ। বৈঠকে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট পাকিস্তান।
এক সূত্রের মারফতে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, কমিটির প্রধান ভুট্টো জানান, ভারতের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, জাতীয় দলের নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না। আইসিসি নিরাপত্তার নিশ্চয়তা দিলে পাকিস্তান ক্রিকেট দলকে শুধু মেগা ইভেন্টটিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
আগেই জানা গিয়েছিল পিসিবিকে অনুমতি দেওয়ার আগে একটি পর্যবেক্ষক দল ভারতে পাঠাবে পাকিস্তান সরকার। এখনো নির্দিষ্ট তারিখ জানা না গেলেও প্রতিনিধিদল কবে পাঠানো হতে পারে তার ইঙ্গিত দিয়েছে সূত্র। সূত্র জানিয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে ভারতে নিরাপত্তা প্রতিনিধিদল পাঠাবে পাকিস্তান। দলটির প্রধান কাজ হবে যেসব মাঠে পাকিস্তানের খেলা আছে, সেসব ভেন্যু পর্যবেক্ষণ করা।
বিশ্বকাপের সূচি অনুযায়ী পাঁচটি মাঠে লিগ পর্বের ম্যাচ খেলবে পাকিস্তান। ভেন্যুগুলো হচ্ছে হায়দরাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতা। হায়দরাবাদে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। আর বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি তারা খেলবে আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। ম্যাচটি সূচিতে ১৫ অক্টোবর থাকলেও তা পরিবর্তন হবে। ১৪ অক্টোবর হতে পারে।
সিলেট আলাপ/ তামান্না