
সিলেট আলাপ ডেস্ক :এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান অনেক দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। এদিকে সাম্প্রতিক সময়ে বেশ প্রত্যক্ষভাবেই তাকে জনসংযোগ করতে দেখা যাচ্ছে। ব্যস্ত হয়ে উঠেছেন রাজনীতির মাঠে। এদিকে সম্প্রতি মোংলা-রামপাল (বাগেরহাট-৩ আসন) নৌকার নতুন প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন শাকিল খানসহ স্থানীয় সম্ভাব্য ৪ মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। বক্তব্যে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, তাদের ৪ জনের মধ্যে একজনকে প্রার্থী দেয়া হলে নৌকা জিতবে। এ ছাড়া অন্য কাউকে নৌকা দেয়া হলে এখানে অর্থাৎ মোংলা-রামপালের নদীতে সেই নৌকা চলবে না। তাতে নৌকার ভরাডুবি হবে। তাই নৌকার মাঝি পাল্টাতে হবে। ২৮শে আগস্ট বিকাল ৫টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
সভার শুরুতে বক্তব্য রাখেন বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান।
চিত্রনায়ক শাকিল খান বলেন, দীর্ঘদিন ধরে আমরা নিজেদের দলের জন্য কাজ করছি। প্রার্থিতা পেলে আশা করছি এলাকার সর্বোচ্চ উন্নয়নে ভূমিকা রাখবো।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আমিন উদ্দিন
