
নিউজ ডেস্ক: তারেক রহমানকে ঘিরেই মানুষের স্বপ্ন গড়ে উঠছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় হবেই হবে ইনশা আল্লাহ।”
তিনি বলেন, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষিত জন ও রাষ্ট্রকল্যাণমূলক ৩১ দফা দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। মানুষ এবার বিএনপি ও তারেক রহমানকে ঘিরেই স্বপ্নের জাল বুনছে। আর কোনো ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না। সব অপতৎপরতার জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দেবে।
বুধবার (২৮ জানুয়ারি) দিনভর এবং মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার দুপুরে গোলাপগঞ্জ পৌর বিএনপির ৭ ও ৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় সিলেট-৬ আসনের বিএনপির নির্বাচনী সমন্বয়ক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন সেই বঞ্চনার জবাব দেওয়ার সুযোগ। অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রবাসীসহ সবাই ঐক্যবদ্ধ।”
নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী বলেন, বিদেশে বসবাস করলেও দেশের মানুষের দুঃখ-কষ্ট আমরা গভীরভাবে অনুভব করি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের সরকার গঠন করবে—এ বিশ্বাস প্রবাসীদের মধ্যেও প্রবল। সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় জাতীয় আন্দোলনকে আরও বেগবান করবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালউজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অপরদিকে, মঙ্গলবার রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিএনপির বিকল্প নেই। তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।