
সিলেট আলাপ ডেস্ক :২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। আর্জেন্টিনার ঘরের মাঠ, এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের সাথে সব দিক থেকেই পিছিয়ে ছিল ব্রাজিল—বল দখল, শটে শট কিংবা আক্রমণের প্রতিটি বিভাগেই তারা ছিল হালকা। ৪-১ গোল ব্যবধানে হারের ফলে ব্রাজিলের জন্য এটি একটি বড় ধাক্কা। ২০১২ সালের পর এবারই প্রথম আর্জেন্টিনার কাছে চার গোল হজম করেছে সেলেসাওরা।
এই হতাশাজনক ফলের পর ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস তার ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। আগামী বিশ্বকাপ বাছাই পর্বে সামনের ম্যাচগুলোতে সতীর্থদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বুয়েন্স আয়ার্সে ম্যাচ শেষে ব্রাজিল অধিনায়ক বলেছিলেন, “এখানে যা হয়েছে, আমরা চাই না তেমনটা আবার হোক। এই মুহূর্তে বিবেচনা করে কিছু বলা কঠিন, তবে এটা আমাদের জন্য খুবই বিব্রতকর।”
২০১২ সালের পর এটি ছিল আর্জেন্টিনার কাছে ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। এছাড়া, বাছাই পর্বের সর্বশেষ ৪ ম্যাচে ব্রাজিল মাত্র একটি জয় পেয়েছে। ২১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পথে ব্রাজিল এখন শঙ্কার মধ্যে রয়েছে।
এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে এমন বড় হার মেনে নিয়ে মার্কিনিয়োস বলেছেন, “আমরা খুব বাজেভাবে শুরু করেছি। যা করতে পারতাম, তার থেকে অনেক কম করেছি। আর প্রতিপক্ষ ছিল আত্মবিশ্বাসী এবং তারা জানে কিভাবে খেলতে হয়। ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি।”
কোচ দরিভাল জুনিয়রের জন্যও কঠিন সময় চলছে। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ব্রাজিল ১৬ ম্যাচে ৭টি জয় পেয়েছে। সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এবং ভক্তদের আস্থা অর্জন তার জন্য কঠিন হয়ে উঠছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:
