
সিলেট আলাপ ডেস্ক :পানামার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে এবারের নারী বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ব্রাজিল। দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের লজ্জা পায় দলটি। শনিবার গ্রুপ-‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ব্রাজিলের মেয়েরা হেরেছে ২-১ গোলে। ফলে আজ জ্যামাইকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের।
সেই গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে পারেনি তারা, ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল সেলেসাওদের।
মেলবোর্নে একের পর এক আক্রমণ করেও জ্যামাইকার জালে বল পাঠাতে পারেনি ব্রাজিলের খেলোয়াড়রা। জ্যামাইকা খেলেছে রক্ষণাত্বক মেজাজে। ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেছে ব্রাজিল।
তবে ড্র করেই শেষ ষোলো নিশ্চিত করেছে প্রথমবারের বিশ্বকাপ খেলতে আসা জ্যামাইকা।
৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে নাম লিখিয়েছে ফ্রান্স। আর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বে উঠেছে জ্যামাইকা। ব্রাজিল ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে।
তাদের সঙ্গে পানামা কোনো পয়েন্ট সংগ্রহ না করেও বিদায় নিয়েছে।
সিলেট আলাপ/ নওশীন