
সিলেট আলাপ ডেস্ক :কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জন্মসূত্রে পাবনা জেলার নাগরিক। বিষয়টি সত্যি না হলেও কাগজে-কলমে এমন ঘটনা ঘটেছে। জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে তার নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ। এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ইউনিয়ন পরিষদের দেয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, নাম জাস্টিন ট্রুডো, পিতা-পিয়েরে ট্রুডো, মাতা-মার্গারেট ট্রুডো। তিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। কিন্তু সম্প্রতি বিশ্বের এই আলোচিত প্রধানমন্ত্রীকে জন্মসূত্রে জন্মনিবন্ধন সনদ দেয়া হয়েছে পাবনার আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে। স্থানীয়রা জানান, গত বছরের শেষের দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া মারা যান। এরপর থেকে এক মেম্বার ভারপ্রাপ্তের দায়িত্বে ছিলেন কাগজে কলমে। মূলত দায়িত্ব পালন করেছেন ইউনিয়ন পরিষদের সচিব আওলাদ হাসান।
তার ছত্রছায়ায় পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন দিতো। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই ইউনিয়ন পরিষদে অনেক কিছুই করা সম্ভব হতো। এ বিষয়ে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে পরিষদে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। তবে ইউপি সচিব আওলাদ হাসান বলেন, ‘আমি এসব ঘটনায় কিছুই জানি না। সার্ভারের ইউজার নেম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়তো কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি কোড নিয়ে এসব করেছে। এই ঘটনায় আমি দায়ী নই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার। তিনি বলেন, ‘আমি বিষয়টি বলতে পারছি না, এটা হয়তো কেউ হ্যাক করে করতে পারে। এখন বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আসল বিষয়টি বোঝা যাবে।’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
