
সিলেট আলাপ ডেস্ক :বিশ্বকাপেরও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে ছাড়িয়ে বিশ্বকাপের সেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে পৌঁছেন সাকিব। ইমরান খান-কপিল দেবের মতো রথী-মহারথীদের তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আগেই। গতকাল ৪০ রান করে তিনি পৌঁছলেন চূড়ায়। এটি ২০০৭ থেকে টানা পঞ্চম বিশ্বকাপ সাকিবের। এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে তার সংগ্রহ ১ হাজার ২০১ রান ও বল হাতে শিকার ৩৮ উইকেট । আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার সাকিবই। ক্যারিয়ারে এর আগে তিন ফরম্যাটের র্যাঙ্কিংয়ে একসঙ্গে নাম্বার ওয়ান অলরাউন্ডারের কীর্তিও গড়েন তিনি।
২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে অংশ নেন ক্রিস গেইল। এতে ৩০ ম্যাচে ১ হাজার ১৮৬ রানের সঙ্গে বল হাতে শিকার ১৬ উইকেট।
দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া। ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৫টি আসরে অংশ নিয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার। ১৯৯৬’র আসরে শিরোপা জেতা জয়সুরিয়ার ৩৮ ম্যাচ খেলে সংগ্রহ ১ হাজার ১৬৫ রান ও বল হাতে শিকার ২৭ উইকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে সাকিবের সামনে রয়েছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা ও এবি ডি ভিলিয়ার্স। এদের মধ্যে শচীন ২ হাজার ২৭৮ রান নিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকলেও বাকিদের রান ছুঁয়ে ফেলতে পারেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে পন্টিং ১ হাজার ৭৪৩, সাঙ্গাকারা ১ হাজার ৫৩২, লারা ১ হাজার ২২৫ ও ভিলিয়ার্স ১ হাজার ২০৭ রান করেছেন।
বল হাতে ৩৮ উইকেট নিয়ে সাকিব আছেন সেরার তালিকায় ১২তম স্থানে। ৭১ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা গ্লেন ম্যাকগ্রা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব
