
সিলেট আলাপ ডেস্ক :বিএনপি-জামায়াত, সুশীল সমাজ সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা বাংলার মানুষকে যে কথা দিয়েছেন, যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন পূরণ করেছেন। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী নদীর ওপর সেতু, আশ্রয়ণ প্রকল্প কিন্তু আমাদের চিন্তার বাইরে ছিল। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। তিনি তা করে দেখিয়েছেন।
আনিসুল হক বলেন, এক সময় এ দেশকে মিসকিনের দেশ বলা হতো। তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করা হতো। বর্তমানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছেন। তিনি জেলে বসেই উন্নয়নের রূপরেখা তৈরি করেছিলেন। বাংলাদেশ হলো এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, রূপপুরে পারমাণবিক চুল্লিসহ এ রকম শত শত উন্নয়ন কর্মকাণ্ড করে প্রধানমন্ত্রী বিশ্বের কাছে প্রশংসিত। এসব দেখে বিএনপির সহ্য হচ্ছে না।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের মুখে কোনো দিন একটা পরিকল্পনার কথা শুনেছেন যে আমরা এমন একটা পরিকল্পনা নিলাম, এত দিনের মধ্যে আমরা স্বল্পোন্নত দেশ হব, মধ্যম আয়ের দেশ হব অথবা উন্নত দেশ হব। বিএনপি-জামায়াতের কেউ এমন পরিকল্পনার কথা যদি বলতে পারেন, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। তারা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিল। তারপর এটাও তারা ছেড়ে দিয়েছে।
নেতা-কর্মীদের উদ্দেশে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কসবার মানুষকে অনেক সম্মান দিয়েছেন। তিনি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়ে আপনাদের অনেক উন্নয়ন করেছেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দিই।
উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন খান রিমন প্রমুখ।
অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটা ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাকিব
