
মোঃআলী হোসেন,সাভার:
সাভারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোঃ রকিবুল কবির শিপন (৩১) নামের এক প্রাইভেট টিউটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন-অর-রশিদ। এর আগে সকালে সাভারের জামশিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রকিবুল কবির শিপন সাভারের জামশিং এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। জানা গেছে তিনি দেওগাঁও জয়তুন-নেছা হাই স্কুলে শিক্ষকতা ও টিউশন করে জীবিকা নির্বাহ করতেন। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী দশম শ্রেণীর শিক্ষার্থীর গৃহশিক্ষক হিসাবে বাসায় গিয়ে পড়াতেন শিপন। প্রায় ৭ মাস ভুক্তভোগী শিক্ষার্থীর গৃহশিক্ষক ছিলেন তিনি। ২/৩ মাস যাবৎ শিপন তার শিক্ষার্থীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই বাসায় গিয়ে পড়ানোর ফাঁকে বাসায় কেউ না থাকার সুযোগ নেন গৃহশিক্ষক শিপন। এসময় শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন। লোক-লজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি ভুক্তভোগী। পরে ভুক্তভোগীর ভগ্নিপতি বাড়িতে আসলে তাকে ঘটনা খুলে বললে গতকাল রাতে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। মামলা দায়েরের পর আজ সকালে শিপনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠায় সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন-অর-রশিদ বলেন, মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।