
সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে পুলিশের সাথে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) বিকাল ৫ টার দিকে গোলাপগঞ্জ বাজারের চৌমূহনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের ও যুবদল নেতাকর্মীদের মাঝে এ সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের ৭ জন নেতাকর্মী ও পুলিশের ৩ জন কনস্টেবল আহত হয়েছেন ।
আহতরা হলেন- যুবদল নেতা এনাম আহমদ, সাইফ খান, রুবেল আহমদ ও ছাত্রদল নেতা- আবু শাহরিয়া, জাহেদ, শাহিদ আলী, মান্না আহমদ, ফাহিমুর রহমান, টিপু সুলতান, আহছানুর রহমান। তিনি এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান ও গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
জানা যায়, বাংলাদেশ হেফাজতে ইসলামের ৫ জন নিরীহ কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করে। উক্ত বিক্ষোভ কর্মসূচী পালনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে চৌমুহনীতে আসামাত্র পুলিশ বাধা প্রদান করেন। এসময় পুলিশের সাথে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। প্রায় ঘন্টাখানেক সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয় ।
এসময় পুলিশ উপজেলা যুবদল নেতা এনাম আহমদ, সামাদুর রহমান অপু, দুলাল আহমদ ও লক্ষনাবন্দ ইউনিয়ন ছাত্রদল নেতা আহসানুর রহমানকে ঘটনাস্থল চৌমূহনী থেকে গ্রেফতার করে।
পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৩০ জনের নাম সহ অজ্ঞাত ৫০/৬০ জনের আসামী করে মামলা ( মামলা নং-০২/৯৩, জি.আর মামলা নং- ৯৩/২০২১ইং) দায়ের করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এড. মামুন আহমদ রিপনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল পালনকালে পরিকল্পিতভাবে পুলিশ বাধা প্রদানসহ দলের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে আমাদের ১০ জন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে।
এদিকে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরী বলেন, বাংলাদেশ হেফাজত ইসলামের হরতাল চলাকালে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামক নাশকতামূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাঁধা প্রদান করেন। এসময় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে ৩ জন পুলিশ সদস্যকে আহত করে এবং জনমনে আতংক সৃষ্টি করে।এ পরিস্থিতি পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে যুবদল-ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ লিজা