
যশোর প্রতিনিধি :বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে শার্শা উপজেলার শিকারপুর এবং ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে লাশ হস্তান্তর করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দু’দিন পর লাশ হস্তান্তর করা হলো। যশোর ৪৯-বিজিবি’র কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আহমেদ হাসান জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর সাহাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে।
বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে গত সোমবার ভোরে চোরাকারবারিরা ভারত থেকে চোরাই পথে গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া দিলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য রইস উদ্দীন ঘনকুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে তাকে খুঁজে পাওয়া না গেলেও বিভিন্ন মাধ্যমে জানা সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফের তরফ থেকে জানানো হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
যশোর ৪৯-ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, রইস উদ্দিনের লাশ বিএসএফের নিকট থেকে গ্রহণ করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে যশোর বিজিবি ব্যাটালিয়নে নেয়া হবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ প্রেরণ করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
