
সিলেট আলাপ ডেস্ক :নতুন বছরের শুরুতেই দেখা দিয়েছিল প্রথম শৈত্যপ্রবাহ। এর পর থেকেই ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। এতে করে সারা দেশে শীতের মাত্রা আরও বেড়েছে। দেশব্যাপী এই তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশালসহ ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, শীতের এমন দাপট চলতি জানুয়ারি মাসজুড়েই থাকতে পারে।
এদিকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবওহাওয়া অফিস বলছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে। তবে আজ সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া আগামীকাল দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মেঘ তৈরি হবে এবং বৃষ্টি হবে, এতে কুয়াশা কেটে যাবে। ঢাকা ও দক্ষিণাঞ্চলের পাশাপাশি রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাত বা শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি হতে পারে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
