
সিলেট আলাপ ডেস্ক :বিএনপি-জামায়াতের চতুর্থ দফা অবরোধের আগের রাতে আরও ২টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ নিয়ে শনিবার রাত ৮টা ২০ মিনিটে থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৬টি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কাফরুল থানার আগারগাঁও এলাকার তালতলা পাম্পের উল্টো পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে রাত ১০টা ২৫ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, রাত সাড়ে দশটার দিকে যাত্রী বেসে উঠে দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
অন্যদিকে, শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন বলেন, সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা শিকড় পরিবহনে আগুন দেয়ার খবর পাই। তবে এতে এখন পর্যন্ত কেউ অগ্নিদগ্ধ বা আহত হয়নি।
এর আগে রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহনের বাসে, এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের বাসে এবং রাত ৯টায় রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রাত ৯টা ২৭ মিনিটে যাত্রাবাড়ী ফল পট্টির সামনে অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিমও এই ৪টি বাসে আগুনের সত্যতা নিশ্চিত করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আরহাম
