
সিলেট আলাপ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস্। গতকাল দুপুরের পর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস্ সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পরীবাগের বাসায় যান। সেখানে তিনি দেড় ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।
বৈঠক শেষে সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের তরফে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। সূত্রের দাবি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে।
এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত ৩রা নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস্। ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয় কোনো পক্ষই তা প্রকাশ করেনি।
গত ৩১শে অক্টোবর নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটার হাস্ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানান।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ মারওয়া
