
সিলেটের আলাপ ডেস্ক :তাহিরপুরে বালু মহালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক সঙ্গে ৪২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় ১০টি ড্রেজার ও ৩টি বাল্কহেড নৌকাও জব্দ করে পুলিশ। এই প্রথম তাহিরপুর থানা পুলিশ এতো আসামি এক সঙ্গে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এভাবে পুলিশ কঠোর অবস্থানে থাকলে নদীর পাড় কাটা ,ড্রেজার, মাদক, চোরাচালানীসহ বিভিন্ন অপরাধমূলককর্মকাণ্ড একেবারে কমে যাবে।
জানা গেছে , বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে যাদুকাটা নদীতে পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, ১০টি নৌকা, ৩টি বাল্কহেড অবৈধ ভাবে বালু উত্তোলনে দায়ে ৪২ জনকে গ্রেপ্তার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের মধ্যে এই প্রথম ৪২ জন আসামিকে এক সঙ্গে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার বিকালে কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।