
সিলেট জেলা প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ জুয়েল আহমদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক ভাদেশ্বর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , সোমবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার অভিযানিক টিম ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর আসামির ঘরের শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতর থেকে হলুদ রংয়ের পলিথিনে মোড়ানো একটা দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল উদ্ধার করা হয়। এসময় জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
