
সিলেট আলাপ ডেস্ক :মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতের ইসলামী বাংলাদেশের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
গতকাল রোববারই (১৩ আগস্ট) গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বুকে ব্যথা অনুভব করলে সাঈদীকে কারা হাসপাতাল থেকে নেয়া হয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে গতকাল বিএসএমএমইউয়ে এনে ভর্তি করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান সারাবাংলাকে বলেন, হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় (সোমবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নতুন করে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। আমরা ৭টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে দেই। ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
ডা. মোস্তফা জামান আরও বলেন, তার ছেলেকে ডেকে আমরা ইনকিউবেশন টিউব খোলার অনুমতি চেয়েছি। তার অনুমতিতেই তা করা হয়েছে। উনার (দেলাওয়ার হোসাইন সাঈদী) দুই ছেলে এসেছেন হাসপাতালে। এখন আইনি প্রক্রিয়ায় তার মরদেহ হস্তান্তরের বাকি কার্যক্রম সম্পন্ন করা হবে।
২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেফতারের পর থেকেই কারাগারে রয়েছেন জামায়াত ইসলামীর এই সাবেক নায়েবে আমির। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই রায়ের পর দেশজুড়ে সহিংসতা চালায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ ছাড়া বহু গাড়ি-দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের মন্দির-ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
সাঈদী আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয়। তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। ওই রায় রিভিউ আবেদন করলেও আগের সাজা বহাল রাখেন আদালত।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ জাফর