
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নকে আর অবহেলিত রাখা হবে না—রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বসন্তপুর-কটলিপাড়া সড়কের উন্নয়ন এবং হাকালুকি হাওরকেন্দ্রিক টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মঙ্গলবার (৩ মার্চ) শরীফগঞ্জের কাদিপুর এলাকায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল দেশ ও প্রবাসের অনলাইন গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুহরাব আলী এবং সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মাহফুজ আহমদ মারজান।
প্রধান অতিথি বলেন, “শরীফগঞ্জ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। এখন সময় এসেছে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলকে এগিয়ে নেওয়ার। বসন্তপুর-কটলিপাড়া সড়কের সংস্কার ও সম্প্রসারণ, প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ এবং হাকালুকি হাওর ঘিরে সম্ভাবনাময় প্রকল্প গ্রহণ করা হবে।” তিনি হাওর এলাকার কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এমরান চৌধুরী আরও বলেন, প্রবাসীরা শরীফগঞ্জের উন্নয়নের অন্যতম শক্তি। দেশ-বিদেশে থাকা নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ সহযোগিতায় এ ইউনিয়নকে একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জামিলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি এমপি এমরান আহমদ চৌধুরী।