
সিলেট আলাপ ডেস্ক :২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাটারিচালিত রিকশা খাতে আনা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে এই রিকশায় ব্যবহৃত ১২০০ ওয়াটের ডিসি মোটরের ওপর কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, “দেশজুড়ে অনিয়ন্ত্রিত ও নিরাপত্তাহীনভাবে চলা ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আনতেই এ সিদ্ধান্ত।”
এই শুল্ক বৃদ্ধির ফলে ব্যাটারিচালিত রিকশা তৈরি, আমদানি ও মেরামতের খরচ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব পড়বে যাত্রীদের ওপরও—রিকশা ভাড়া বাড়ার আশঙ্কা থাকছে।
ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ব্যাটারিচালিত রিকশা এখন অন্যতম সহজলভ্য গণপরিবহন। পরিবেশবান্ধব, স্বল্প খরচ ও দ্রুত চলাচলের উপযোগী হলেও প্রধান সড়কে এই যানবাহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভাড়া কম বলে নিম্ন ও মধ্যবিত্তদের কাছে বাহনটি বর্তমানে খুবা জনপ্রিয়। এমন প্রেক্ষাপটে নিম্ন ও মধ্যবিত্তরা কিছুটা চাপের মধ্যে পড়বেন এমনটাই ধারণা করছেন অনেকে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এটাই দেশের ইতিহাসে প্রথম বাজেট যেখানে মোট বাজেটের আকার কমানো হলো।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ।
এই ঘাটতি পূরণে সরকার নির্ভর করবে বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি প্রথম বাজেট। সংসদ না থাকায় এবার বাজেট ঘোষণা করা হয়েছে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে। এভাবে বাজেট উপস্থাপনের নজির এর আগে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে দেখা গিয়েছিল, তখন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন এ বি মির্জা মো. আজিজুল ইসলাম।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:
