
সিলেট আলাপ ডেস্ক :সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়ানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য এ দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে নতুন মূল্য ঘোষণা করা হয়। এদিন মধ্যরাত থেকে নতুন দামে পাম্পগুলোয় তেল মিলবে।
প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা করা হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় করে বিক্রি হচ্ছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে।
ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
প্রতিবেশী দেশ ভারত ছাড়াও উন্নত বিশ্বে প্রতি মাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজওয়া
