
ওয়েছ খছরু :মাইকিং নেই। নেতাকর্মীদের দৌড়ঝাঁপও ছিল না। ভোটের আবহ বলতে কিছুই বুঝা যাচ্ছিলো না। পোস্টার, ব্যানার সামান্যই। এ অবস্থায় নিরুত্তাপই ছিল সিলেট-১ আসনের নির্বাচনের পরিবেশ। আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেনও ছিলেন অসুস্থ। ফলে প্রতিদিনের মতো সকাল থেকে রাত পর্যন্ত তিনি নিজে প্রচারণায় নামতে পারেননি। তবে; গতকাল থেকে এ আসনে মাঠে নেমেছে আওয়ামী লীগ। সঙ্গে অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। ভোটারের নজর কাড়তে প্রচারণায় গতি বাড়িয়েছেন তারা।
গতকাল থেকে মাঠে প্রচারণা শুরু হয়েছে। মর্যাদাপূর্ণ আসন সিলেট-১। সিটি করপোরেশন ও সদর উপজেলা মিলে এ আসন। এ আসনে বর্তমান এমপি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এবারো তাকে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। তবে ড. একে আব্দুল মোমেনের শক্ত কোনো প্রতিপক্ষ নেই মাঠে। যারা আছেন তাদের অনেককেই ভোটাররা চেনেন না। ফলে সিলেট-১ আসনে এবারের নির্বাচনে ওয়ানম্যান শো-ই হচ্ছে। ড. একে আব্দুল মোমেনের প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে অন্যরা নীরব। তাদের প্রচারণা চোখে পড়েনি। নির্বাচনে প্রচারণা শুরুর পর ড. একে আব্দুল মোমেন প্রচারণায় মাঠে নেমেছিলেন। সেটি ধারাবাহিকভাবে ছিল না। ঢাকায় মন্ত্রণালয়ের কাজেও তাকে আসতে হয়। সিলেট আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, গত তিন দিন ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন অসুস্থ ছিলেন। এ কারণে তিনি প্রচারণায় মাঠে নামতে পারেননি। দলীয় নেতাকর্মীরাও মাঠে প্রচারণা চালাননি। তবে নিজ বাসায় থেকে সিলেটের ব্যবসায়ী, প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
এদিকে- এই অবস্থায় গতকাল থেকে সিলেট-১ আসনে প্রচারণয় নেমেছেন আওয়ামী লীগের নেতারা। ড. একে আব্দুল মোমেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার জানিয়েছেন- নির্বাচনী প্রচারণায় গতি কম ছিল। আমাদের প্রার্থী অসুস্থ ছিলেন। নেতাকর্মীরাও তেমন নামছিলেন না। বিষয়টি অনুধাবন করার পর আমরা নতুন করে বুধবার থেকে প্রচারণায় নেমেছি। সিলেট যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের নেতাকর্মীরা এক সঙ্গে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন। এখন আর প্রচারণায় কোনো ঘাটতি থাকবে না। মাঠে তো শক্ত প্রতিপক্ষ নেই; তবে কেন এই প্রচারণা- এ প্রশ্নের জবাবে আলোয়ার জানান- আমাদের কাজ হচ্ছে ভোটারের কাছাকাছি যাওয়া। ভোটারদের মধ্যে ভোটের দাওয়াত পৌঁছানো। প্রচারণার শুরুতে আমরা সেটি করতে পেরেছি। এখন শুরু হচ্ছে চূড়ান্ত প্রচারণা। শেষ দিন পর্যন্ত এ প্রচারণা চলবে। ড. একে আব্দুল মোমেন এবার বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্রে আনতে চাইছেন। ভোটার কেন্দ্রে এলে পরিবেশ জৌলুসপূর্ণ হবে বলে জানান তিনি। পাশাপাশি আগামীর সিলেটের উন্নয়নের চিন্তা-ভাবনাও রয়েছে তার মাথায়। প্রচারণায় তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় তিনি সাংবাদিকদের জানিয়েছেন- সিলেটে অনেক উন্নয়ন কাজ এখনো চলমান রয়েছে। এই কাজগুলো শেষ করতে হবে। পাশাপাশি আরও কিছু উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা সমাপ্ত করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন। এ কারণে তিনি নিজেও ভোটারের কাছাকাছি যাচ্ছেন বলে জানান। ড. একে আব্দুল মোমেনের প্রচারণায় যুবলীগ নতুন কৌশল নিয়েছে।
গতকাল সকাল থেকে ১২টি ট্রাক নিয়ে যুবলীগ নেতা বাদ্যযন্ত্র বাজিয়ে ভোটার আকৃষ্ট করার চেষ্টা করছেন। সিলেট নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি মানবজমিনকে জানিয়েছেন, সিলেট যুবলীগ নেতাকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নৌকার প্রচারণা চালানো হচ্ছে। প্রতিটি ভোটারের কাছে যাতে যুবলীগ নেতাকর্মীরা পৌঁছাতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে; পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন অসুস্থ থাকলেও তার স্ত্রী সেলিনা মোমেন নির্বাচনী প্রচারণয় রয়েছেন। কখনো নিজের উদ্যোগে আবার কখনো মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব
