ওয়েছ খছরু :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেট আওয়ামী লীগের রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তন হয়েছে। নতুনদের হাতে এখন কর্তৃত্ব। এই অবস্থায় বিগত সরকারে থাকা সাবেক মন্ত্রীরা পিছিয়ে পড়েছেন। সিলেট-১ আসনের এমপি ড. একে আব্দুল মোমেন ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র্রমন্ত্রী। ফলে তাকে ঘিরে অনেক আশা দেখেছিলেন সিলেটের মানুষ। কিন্তু সিলেট উন্নয়নে গ্রহণ করা মেগা প্রকল্পগুলো আলোর মুখ না দেখায় ড. একে আব্দুল মোমেনের দৃশ্যমান উন্নয়নের ঘাটতি দেখা দেয়। তবে কাজে ধীরগতি হওয়ার কারণে মন্ত্রী থাকাকালেই ড. মোমেন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন। গত নির্বাচনের আগেও তিনি প্রচারণাকালে এসব বিষয় সিলেটবাসীকে জানিয়েছিলেন। এখন সিলেট উন্নয়নে তিনি সোচ্চার হয়েছেন। তবে আশার কথা হলো ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের সিলেট অংশের কাজ সম্প্রতি শুরু করা হয়েছে।
ওসমানীনগর অংশে কয়েকটি কালভার্ট নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এতে করে ৬ লেনের কাজ নিয়ে সিলেটবাসীর হতাশা কেটেছে। সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের কাজে ধীরগতি হওয়ার কারণে সিলেট অংশের কাজ শুরু হতে বিলম্ব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণ কাজ গত মঙ্গলবার সিলেট সফরকালে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান। তিনি জানিয়ে গেছেন; ওসমানী বিমানবন্দরের কাজ দ্রুততম সময়ে শেষ করতে তিনি উদ্যোগ নিচ্ছেন। তবে ডাবললাইনের রেলওয়ে সড়ক নির্মাণের কাজের কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। ফলে সিলেটের মেঘা প্রকল্পগুলোর ধীরগতি নিয়ে চলতি মাসে সংসদে দাবি তুলেছেন ড. একে আব্দুল মোমেন। সংসদে সিলেট উন্নয়নের দাবি জানিয়ে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সিলেটের জন্য একাধিক উন্নয়ন কাজের অনুমোদন দিলেও কোনো কাজই সহজে হচ্ছে না। ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজে ধীরগতি। রেললাইনের কাজ শুরু হয়নি। নদী খনন বন্ধ হয়ে আছে। বঙ্গবন্ধু সিটি, বঙ্গবন্ধু ট্রাস্ট অনুমোদন হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। সদর হাসপাতাল তৈরি হয়ে আছে কিন্তু জনবলের অভাবে চালু হচ্ছে না। এয়ারপোর্টের মাত্র ২০ ভাগ কাজ হয়েছে। বেগম ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি এখনো অধিগ্রহণ হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের সংস্কার হয়নি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট ওয়াসা অনুমোদন হয়েছে কিন্তু এখনো কার্যক্রম শুরু হয়নি। তার বক্তব্যের পর সিলেটের কয়েকটি প্রবাসী সংগঠনের নেতারা সিলেট উন্নয়নে সোচ্চার হয়েছেন। উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে সিলেটে একাধিক সেমিনারের আয়োজন করা হয়। এদিকে ২০২২ সালে দুই দফা বন্যায় বড় সংকটে পড়ে সিলেটের যোগাযোগব্যবস্থা। সিলেট নগরী, আশপাশ এলাকা ও আঞ্চলিক মহাসড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দেড় বছরের বেশি সময় পার হলেও সংস্কারের উদ্যোগ দৃশ্যমান হয়নি। এ ব্যাপারে বন্যার পরপরই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেটের ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা প্রেরণ করেছিলেন। একইসঙ্গে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকেও একটি প্রকল্পের প্রস্তাবনা প্রেরণ করা হয়। কিন্তু ভয়াবহ বন্যার দেড় বছর পেরিয়ে গেলেও এখনো মন্ত্রণালয় থেকে কোনো সুখবর মিলছে না। গত ২২শে ফেব্রুয়ারি এনিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে এ ব্যাপারে ডিও দিয়েছেন ড. একে আব্দুল মোমেন। সিলেটের অতিগুরুত্বপূর্ণ বেহাল ২০ সড়কের দ্রুত সংস্কার চেয়ে ড. মোমেন এ ডিও পাঠান। সড়কগুলোর মধ্যে রয়েছে; বাদাঘাট বাজার-ইসলামগঞ্জ বাজার জালালাবাদ (ইউপি) সড়ক, রঙ্গিটিলা সড়ক, জাকারিয়া সিটি সড়ক, বালাউড়া-বানাগান সড়ক, ফতেহপুর মাদ্র্রাসা বাজার-আলীনগর সড়ক, সালুটিকর-সাহেবের বাজার ফতেহপুর গ্রামীণ সড়ক, মৌলভীরগান সড়ক থেকে নোয়াগাঁও হয়ে আমানতপুর সড়ক, কান্দিরপাট-চান্দাই সড়ক, মোল্লারগাঁও ফুলকচি সড়ক, কান্দারগাঁর ইউনিয়ন-সাদিপুর মসজিদ নলকত আহমেদ আলীর বাড়ির সড়ক, কামাটিলা কুশেরখাল সড়ক, নয়াগাঁও-বংশীদার সড়ক, মীরচর মাঘমারা সড়ক, ওমেরগন ব্রিজ থেকে সালুটিকর হয়ে মেজরগন সড়ক, খাদিম গরম দেওয়ান মাজার সড়ক, পাঠানটুলা-বিমানবন্দর সড়ক থেকে খাগড়ি সড়ক, বালাউড়া-খালিগং সড়ক, চৌবোহার সড়ক, টিলাপড়া সড়ক, বাঁশিপুর-সুজাদপুর গ্রাম সড়ক সংস্কারের করতে অনুরোধ জানান। মোমেন ডিওতে বলেন, ‘আমার নির্বাচনী এলাকা সিলেট-১ আসনটি সিলেট সদর উপজেলা অর্থাৎ শহরের মূলকেন্দ্রে অবস্থিত এবং বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। পরপর দুইবার ভয়াবহ বন্যার কারণে এলাকার অনেক সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও অবর্ণনীয় কষ্ট হচ্ছে।’ তিনি বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা না হলে রাস্তাগুলোর আরও বেহালদশা হবে। তাই উল্লেখিত সড়কসমূহ জরুরিভিত্তিতে মেরামত করা অত্যন্ত জরুরি।’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066