নবীগঞ্জ সংবাদদাতা :হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে গুরুতর অসুস্থাবস্থায় সিলেট মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গত সোমবার দুপুরে হঠাৎ কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে কারা চিকিৎসক দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট এমজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ডাণ্ডাবেড়ী পরিহিত অবস্থায় সিলেট নিয়ে যায়। কারাগার ও যুবদল সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলায় দায়েরকৃত একটি গায়েবি মামলায় যুবদল নেতা জালাল আহমেদকে গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। গত ২৬শে অক্টোবর আদালত ওই মামলায় তাকে জামিন দেন। জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে আরও একটি গায়েবি মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের একদিন পর জেলার চুনারুঘাট থানায় দায়েরকৃত অপর একটি পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি নন।
কথিত দুটো মামলায় প্রায় ৩ মাস ধরে কারাগারে রয়েছেন যুবদলের ওই নেতা। রাজপথে সরব হবিগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমদের বিরুদ্ধে ৩৫টি মামলা রয়েছে।
সবগুলো মামলায় তিনি কারাভোগ করে জামিনে রয়েছেন। তার মামলায় নিয়োজিত আইনজীবী এডভোকেট আফজাল হোসেন বলেন, জালাল আহমেদ গুরুতর অসুস্থ, কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জেনেছি। তারপরও কারা-কর্তৃপক্ষ তাকে ডাণ্ডাবেড়ী পরিয়ে হাসপাতালে পাঠিয়েছেন। তিনি এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় ডাণ্ডাবেড়ী পরানোর ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেন তিনি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবির

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066