সিলেট আলাপ ডেস্ক :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংশগ্রহণ- মূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি।
বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনার, সহ-কমিশনার এবং নির্বাচন কমিশন টিমের সঙ্গে খুব বিস্তৃত বৈঠক করেছি। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। বাংলাদেশের একটি আন্তর্জাতিক অংশীদার হিসেবে আমরা মূল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আরও ধারণা পাওয়ার সুযোগ পেয়ে সন্তুষ্ট। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। এটি পুরো বিশ্ব দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তবে বিরোধীদের ভোট বর্জনের আহ্বান, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, তফসিল পুনঃনির্ধারণ নিয়ে যে গুঞ্জন, ভোটের পরিবেশ, এসব নিয়ে কোনো প্রশ্নে নেয়নি নির্বাচন কমিশন বা ইউরোপীয় ইউনিয়নের কেউ।
এদিকে বৈঠকের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানোস্কি তার ব্যক্তিগত টুইটার (এক্স) অ্যাকাউন্টে লিখেছেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং তার দলের সঙ্গে খোলামেলা এবং বিস্তারিত মতবিনিময় হয়েছে। আমাদের কূটনীতিকদের জন্য এই প্রক্রিয়া এবং প্রস্তুতি বোঝার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।
ওদিকে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ৭টি দেশের মান্যবর রাষ্ট্রদূত এসেছিলেন। তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা দক্ষ নির্বাচন পর্যবেক্ষণ দল আসবেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যেই দেশে চারজন এসেছেন। সিইসি বলেন, তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে। এটা তারা জানতেন না। আমাদের অগ্রগতিগুলো তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে তাদের জানিয়েছি যে, আমরা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমরা তাদেরকে জানিয়েছি, আমাদের মাননীয় কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ ও প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন। যাতে করে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সকল শক্তিকে সমন্বিত করে যাতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনটা নিশ্চিত হয়। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা স্পষ্ট করে তাদের বুঝিয়েছি। সিইসি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ ও বিভেদ-বিভাজন থাকে সেখানে কোনোভাবেই আমরা হস্তক্ষেপ করতে পারি না।
বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমসহ ইসির কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে ইইউ’র অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির নেতৃত্বে সংস্থাটির ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং সুইডেন, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানির মিশন প্রধানরা উপস্থিত ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ//সৌরভ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066