গোলাপগঞ্জ প্রতিনিধি:
দেশ থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও মানুষের পাশে দাঁড়ানোর বিরল নজির গড়ছে ‘প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ’। পবিত্র রমজান মাসে উপজেলার মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় নগদ সহায়তা পৌঁছে দিয়ে তারা ছড়িয়ে দিচ্ছে মানবতার উষ্ণতা।
দূর প্রবাসে জীবনযাপন করলেও দেশের মানুষের দুঃখ-কষ্ট ভুলে যাননি একদল প্রবাসী। তাদের সম্মিলিত উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা ১১ টি ইউনিয়নের প্রবাসীদের নিয়ে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জ’ শুরু থেকেই নীরবে-নিভৃতে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
রমজান মাসকে ঘিরে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হয়ে ওঠে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং এতিমখানায় নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ৫ হাজার ৭০০ টাকা করে অনুদান পৌঁছে দেওয়া হয়।
সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাঘা ইউনিয়নের এখলাছপুর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসা, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রিয়াছতুল উলূম মাদ্রাসাতুল বানাত, ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর এফ রহমান হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা, লক্ষীপাশা ইউনিয়নের ফয়েজ নুরুল হাফিজিয়া মাদ্রাসা, বুধবারি বাজার ইউনিয়নের হাজী আমির আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ঢাকাদক্ষিন ইউনিয়নের সুনামপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম, লক্ষণাবন্দ ইউনিয়নের হাফিজ আব্দুল আউয়াল হাফিজিয়া মাদ্রাসা, ভাদেশ্বর ইউনিয়নের বায়তুল মামুর কাদিকুদি মসজিদ, আমুড়া ইউনিয়নের ঘাগুয়া মোহাম্মদিয়া ইসলামি মাদ্রাসা, বাদেপাশা ইউনিয়নেড বাগলা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এবং শরীফগঞ্জ ইউনিয়নের জামেয়া ইসলামীয়া হাজিয়ায় মাদ্রাসা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছানু মিয়া বলেন, “প্রবাস জীবনের কষ্টের মাঝেও দেশের মানুষের কথা আমরা ভুলে যাই না। আমাদের সামান্য প্রচেষ্টা যদি কারও মুখে হাসি ফোটায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
স্থানীয়রা বলছেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ শুধু সহায়তা নয়, সমাজে দায়িত্ববোধ ও সহমর্মিতার এক অনন্য বার্তা ছড়িয়ে দিচ্ছে। মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066