গোলাপগঞ্জ প্রতিনিধি : শিক্ষার আলোকবর্তিকা হিসেবে ভাদেশ্বরবাসীর আশার ঠিকানা সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে উদ্বোধন করা হলো নতুন নির্মিত প্রধান গেইট ও আধুনিক একাডেমিক ভবন। শনিবার ২৭ ডিসেম্বর দুপুর ১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজন ঘিরে এলাকাজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। নতুন গেইট যেন পরিবর্তনের প্রতীক, আর ভবন যেন নতুন প্রজন্মের স্বপ্নের আশ্রয়স্থল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়েজ হক এবং পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাশ। কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল আহমদ ফাউন্ডেশনের সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলার অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া।
তিনি আবেগভরা কণ্ঠে বলেন এই গেইট ও ভবন শুধু ইট বালুর নির্মাণ নয়, এটি ভাদেশ্বরের মানুষের চাওয়া–পাওয়ার বাস্তব প্রমাণ। শিক্ষার আলো গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন মরহুম আলহাজ্ব গৌছ আহমদ দেখেছিলেন, আজ সেই স্বপ্ন বাস্তবতায় রূপ নিয়েছে। তাঁর মতো মানুষের কারণেই একটি সমাজ বদলে যায়, একটি ভবিষ্যৎ আলোর পথে হাঁটে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব গৌছ আহমদ এর সর্বকনিষ্ঠ পুত্র ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সাইকোথেরাপিস্ট ডক্টর ফয়জুল আহমদ। তিনি বলেন— আজ যে গেইট উদ্বোধন হলো, তা যেন শিশুদের আলোর পথে প্রবেশের দ্বার। আর এই ভবন হবে তাদের সুশিক্ষা ও মানবিকতার ঘর। শুধু জ্ঞান নয়, নৈতিকতা ও মানসিক দৃঢ়তা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমার পিতা মরহুম গৌছ আহমদ ছিলেন সেই মহান স্বপ্নবাজ মানুষ, যাঁর প্রচেষ্টা আজ আমরা সকলে গর্বিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব গৌছ আহমদের পুত্র হাসান আহমদ হেলাল, পুত্রবধূ রুমা আহমদ, বিশিষ্ট সমাজসেবক আলী হাসান শামীম, ১নং দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাথ বন্ধু দাস, বিশিষ্ট সমাজ সেবক সাদিকুর রহমান সাদেক, হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব গৌছ আহমদের দানশীলতা, মানবিকতা এবং শিক্ষার প্রতি ভালোবাসা আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান। তাঁকে স্মরণ করতে গিয়ে অনেকের চোখেই ঝরে পড়ে আবেগের অশ্রু।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ও প্রধান বক্তা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। শিশুদের উচ্ছ্বাস, হাসি ও আনন্দে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066